ঋণ জালিয়াতির মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে বুধবার ঢাকার আদালতে তোলা হয়। শুনানিতে বারকাত বলেন, “জীবনে প্রথম এভাবে আদালতে দাঁড়িয়ে আছি। আমি একজন শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪২ বছর শিক্ষকতা করেছি। ঘটনাচক্রে জনতা ব্যাংকের চেয়ারম্যান হই। আমার সময়ে জনতা ব্যাংকে সর্বোচ্চ মুনাফা ও প্রবৃদ্ধি হয়েছে।”তিনি অভিযোগ করেন, তিনি ঋণের সিদ্ধান্ত গ্রহণে সরাসরি যুক্ত ছিলেন না এবং ২০১৩ সালে ব্যাংকটির ইতিহাসে সর্বোচ্চ মুনাফা হয় তার মেয়াদে। তবে তাকে এখন দোষারোপ করা হচ্ছে ব্যাংক ‘ডুবানোর’ জন্য।
দুদকের পক্ষে প্রসিকিউটর আদালতে বলেন, বারকাত ক্ষমতার অপব্যবহার করে মাত্র তিন কোটি টাকার জামানতের বিপরীতে ২৯৭ কোটি টাকার ঋণ অনুমোদন করেছেন, যা ব্যাংকের অর্থ লোপাটের স্পষ্ট প্রমাণ। রিমান্ডে নিলে এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে আরও বড় নাম জড়িত থাকার প্রমাণ মিলবে বলে দাবি করেন তিনি।
আদালত তার বক্তব্য শোনার পর বলেন, “এ ধরনের বিপুল ঋণ জালিয়াতি নজীরবিহীন। একজন চেয়ারম্যান হিসেবে তার কার্যকর ভূমিকা থাকা উচিত ছিল। কিন্তু তা তিনি নেননি।” পরে আদালত আবুল বারকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা করে, যার মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং ড. বারকাতের নাম রয়েছে। মামলায় অভিযোগ করা হয়, অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।